জনগণের ভোটাধিকার ও সংবিধান সুরক্ষার দাবিতে আগামী সোমবার ভারতের রাজধানী দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া। শনিবার আলপ্পুঝায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।
তিনি বলেন, সংবিধান এবং জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনকে আরও জোরালো করতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ বিষয়ে নিজেদের উদ্বেগ তুলে ধরতে ইতোমধ্যে জোটের শীর্ষ নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আগামী সোমবার ভারতের প্রধান বিচারপতির সঙ্গেও তাদের সাক্ষাতের কথা রয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সুরক্ষা দেওয়ার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করেন বেণুগোপাল। তার অভিযোগ, নির্বাচন কমিশনারকে আড়াল করার চেষ্টা শেষ পর্যন্ত মোদি ও শাহের রাজনৈতিক পতনের কারণ হতে পারে।
বেণুগোপাল আরও দাবি করেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আচরণে তার রাজনৈতিক অবস্থান নিয়ে উদ্বেগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং বিরোধীদের আন্দোলনকে তিনি ভয় পাচ্ছেন।
এদিকে, ককরোচ জনতা পার্টির ঘোষিত শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে মেট্রো স্টেশন বন্ধ, দিল্লির সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ ব্যাহত এবং প্রায় ৪১ হাজার সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েনের কথা বলা হয়েছে।
কে সি বেণুগোপাল জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হওয়া পর্যন্ত কংগ্রেস ও ইন্ডিয়া জোটের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে কেরালায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার ওপরও দল সতর্ক নজর রাখছে বলে জানান তিনি।
