উপদেষ্টা আসিফ পদত্যাগ করে ঢাকায় থেকেই নির্বাচনে অংশ নেবেন।

ঢাকা থেকেই নির্বাচনে অংশ নেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তিনি সরকার থেকে পদত্যাগ করে ঢাকা থেকেই আসন্ন নির্বাচনে অংশ নেবেন।

রোববার (৯ নভেম্বর) কুমিল্লা-৩ আসনের পরিবর্তে ঢাকা-১০ আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “যেহেতু ঢাকা থেকে নির্বাচন করার বিষয়টি মোটামুটি নিশ্চিত, তাই এখানকার ভোটার হওয়াই স্বাভাবিক। যেখানে থাকব, সেখান থেকেই ভোটার হওয়ার পরিকল্পনা করছি।

ঢাকার কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এমন প্রশ্নে তিনি বলেন, কোথা থেকে নির্বাচন করব, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ইনশাআল্লাহ, ঢাকা থেকেই নির্বাচন করব। আপাতত স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে, তবে পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়নি।

ভোটার এলাকা পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, সরকার থেকে পদত্যাগের পর ধানমন্ডি এলাকায় থাকার ইচ্ছা আছে। সেই কারণেই এখানকার ভোটার হচ্ছি। নির্বাচনের জন্য কোথায় ভোটার হলাম, সেটা বড় বিষয় নয়—দেশের নাগরিক ও ভোটার হওয়াটাই আসল কথা। ঢাকায় ভোটার হলে অন্তত নিজের ভোটটা নষ্ট হবে না।

কবে নাগাদ পদত্যাগ করবেন—এমন প্রশ্নে উপদেষ্টা আসিফ বলেন, এটা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনার ওপর নির্ভর করছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *