দক্ষিণ লেবাননে চলমান সংঘাতে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর চারজন সেনা নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে বলে আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। তারা হলেন ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাস্কিম এনটিস (২১)। চতুর্থ নিহত সেনার পরিচয় পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, নিহত ও আহত সবাই আইডিএফ-এর নাহাল রিকনানসিয়েশন ইউনিটের সদস্য ছিলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে সামরিক অভিযান চালানোর সময় তারা হিজবুল্লাহর বন্দুকধারীদের আকস্মিক হামলার মুখে পড়েন।
এতে আরও জানানো হয়, কাছাকাছি দূরত্বে সংঘটিত এ লড়াইয়ে হিজবুল্লাহরও বেশ কয়েকজন যোদ্ধা নিহত ও আহত হয়েছে। তবে তাদের সঠিক সংখ্যা উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর ২ মার্চ থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তে আক্রমণ শুরু করে। এর জেরে গত এক মাস ধরে দক্ষিণ লেবাননে তীব্র সংঘর্ষ ও বিমান হামলা অব্যাহত রয়েছে।
সূত্র : কালবেলা
