দুই শর্ত পূরণ না হলে এনসিপি জুলাই সনদে সই করবে না — নাহিদ ইসলাম

আদেশ জারিসহ দুটি শর্ত পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইনি ভিত্তি ও চূড়ান্ত আদেশপত্র ছাড়া সনদে স্বাক্ষরের কোনো অর্থ হয় না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দলীয় অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা যদি কোনো আইনি ভিত্তি ছাড়া কিংবা স্পষ্ট সরকারি আদেশ ছাড়াই সনদে সই করি, তাহলে সেটি ভবিষ্যতের কাছে মূল্যহীন হয়ে পড়বে। পরবর্তী সরকার কীভাবে এই সনদের বাস্তবায়ন নিশ্চিত করবে, তার কোনো নিশ্চয়তা নেই।

তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন-সংক্রান্ত সরকারি আদেশ (অর্ডার) অবশ্যই স্বাক্ষরের আগেই জারি করতে হবে। সেই খসড়া আদেশে আমাদের রাজনৈতিক ঐক্যমত থাকতে হবে। আদেশটি জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুযায়ী প্রধান উপদেষ্টা জারি করবেন, তবে প্রেসিডেন্ট হিসেবে নয়—গভর্নমেন্ট হিসেবে, কারণ ড. ইউনূস সরকার গঠন করেছেন গণআন্দোলনের শক্তির ভিত্তিতে।

নাহিদ ইসলাম জানান, আদেশের মূল টেক্সট দেখতে চায় এনসিপি। সেই খসড়া দেখেই তারা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, জুলাই সনদে উল্লেখ করা ৮৪টি সংস্কার প্রস্তাব একসঙ্গে গণভোটে যাবে। এখানে ‘নোট অব ডিসেন্ট’-এর আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের ভাষ্য বা প্রশ্ন কী হবে, সেটাও আগেই রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করতে হবে।

গণভোট বিষয়ে এনসিপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, যদি জনগণ গণভোটে সনদের পক্ষে মত দেয়, তাহলে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা প্রদান করা হবে। এই ধারার প্রতি এখন প্রায় সব দলই একমত। কিন্তু আমাদের কাছে এখনো স্পষ্ট নয়—এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আদতে সংবিধানে সংশোধনী হবে, নাকি সম্পূর্ণ নতুন কাঠামো আসবে?

এনসিপির শর্ত দুটি কী?

নাহিদ ইসলাম জানান, এনসিপি যে কারণে এখনো সনদে সই করছে না, তা হলো:

  1. জুলাই সনদের কোনো আইনি ভিত্তি এখনো উপস্থাপন করা হয়নি।
  2. সনদের মূল পাঠ্য বা টেক্সট এখনো দলটিকে দেখানো হয়নি।

এই দুইটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট না হওয়ায় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *