ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, অভিষেকের অপেক্ষায় অঙ্কন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দল ঘোষণা, প্রথমবারের মতো সুযোগ পেলেন মাহিদুল ইসলাম অঙ্কন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।

সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ ও পেসার নাহিদ রানা। তাদের পরিবর্তে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার এবং তরুণ মাহিদুল ইসলাম।

মাহিদুল এর আগে জাতীয় দলের হয়ে একটি টেস্ট খেললেও ওয়ানডেতে এবারই প্রথম ডাক পেলেন। অন্যদিকে সৌম্য সর্বশেষ বাংলাদেশ দলে খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

এদিকে, ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও মাঠের বাইরে থাকছেন লিটন দাস। তার অনুপস্থিতি টপ অর্ডারে নতুন চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টে।

বাংলাদেশ ওয়ানডে দল (ওয়েস্ট ইন্ডিজ সিরিজ):

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *