আগামী ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ। এই চুক্তির ফলে বর্তমানে ২০ শতাংশ শুল্ক হার কমে আসবে এবং পোশাক খাতে শুল্ক শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে দরকষাকষি করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
রোববার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে বিমান বাংলাদেশের সার্বিক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ২০৩৫ সালের মধ্যে ১৪টি উড়োজাহাজ ডেলিভারি পাওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সরকার পরিবর্তন হলেও যাতে উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্য নিয়ে কোনো জটিলতা তৈরি না হয়, সে লক্ষ্যেই নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি করা হচ্ছে। এটি কোনো তাড়াহুড়োর সিদ্ধান্ত নয়; বরং দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনা করেই উদ্যোগ নেওয়া হয়েছে।
শেখ বশিরউদ্দিন জানান, গত এক বছরে আন্তর্জাতিক বিভিন্ন রুটে বিমান বাংলাদেশের টিকিটের ভাড়া প্রায় অর্ধেকে নেমে এসেছে। পাশাপাশি আগামী হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা মাত্র ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।
সূত্রঃ ইত্তেফাক
