টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে

বাংলাদেশকে বাদ দিয়েই আজ শুরু হচ্ছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাইরে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এতে কেবল ক্রিকেটার নয়, পুরো জাতিকেই অপমান করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে। এমন দিনে সাধারণত দেশের কোটি ক্রিকেটপ্রেমীর দৃষ্টি থাকে টেলিভিশন পর্দায়—টাইগারদের লড়াই দেখার উত্তেজনা আর বিজয়ের আনন্দ উপভোগ করার অপেক্ষায় থাকি আমরা।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আজ সেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের থাকার কথা থাকলেও আমাদের সে সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। পরিকল্পিতভাবে লাল-সবুজের প্রতিনিধিত্ব থেকে বাংলাদেশকে দূরে রাখা হয়েছে, যা ক্রিকেটারদের পাশাপাশি গোটা জাতির জন্যই অপমানজনক।

জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের কষ্ট অনুভব করি। দেশের সম্মান ও স্বপ্নের প্রশ্নে কোনো আপস করা যায় না। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে বাংলাদেশ মাথানত করবে না। দৃঢ় প্রত্যয়ে বলতে চাই, ইনশাআল্লাহ বাংলাদেশ আবার আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার সঙ্গে ফিরে আসবে—মাথা উঁচু করে, গর্ব ও শক্তির সঙ্গে।

উল্লেখ্য, ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ২০ ওভারের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। এরপর এ পর্যন্ত মোট নয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছে এবং প্রতিটি আসরেই বাংলাদেশ অংশ নিয়েছে।

সূত্রঃ আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *