বিজয়ের মাস উপলক্ষে পাকিস্তান ও রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু ভবনের ফটকের সামনে এবং বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের প্রবেশমুখে পাকিস্তানের পতাকা–সংবলিত স্টিকার লাগিয়েছেন।
স্টিকারগুলোতে লেখা রয়েছে—‘নো কম্প্রোমাইজ উইথ রাজাকার’ (রাজাকারের সঙ্গে কোনো আপস নয়) এবং ‘রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান।
ক্যাম্পাস সূত্র জানায়, গত রোববার (৭ ডিসেম্বর) থেকে ডাকসু ভবনের পাশাপাশি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং বিজয় একাত্তর হলের গেটেও এসব স্টিকার টাঙানো হয়েছে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রধান প্রবেশপথে স্টিকার লাগানোর নেতৃত্ব দেন ছাত্রদলের হল ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য কারিব চৌধুরী।
সোমবার (৮ ডিসেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ। একই সঙ্গে এটি পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে আমাদের ঘৃণাবোধের প্রকাশ।
সূত্রঃ ইত্তেফাক
