নির্বাচন প্রসঙ্গে ভারতের হস্তক্ষেপ মানা হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভারতের পক্ষ থেকে দেওয়া পরামর্শকে অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগোচ্ছে, এ বিষয়ে প্রতিবেশী দেশের নসিহতের প্রয়োজন নেই।

বুধবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিতেন, এখন তা সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়ছে। তার এসব বক্তব্যে উসকানিমূলক উপাদান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি পাশের দেশে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে বাংলাদেশ অবশ্যই আপত্তি জানাবে। সে কারণেই তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হচ্ছে। কিন্তু ভারত তাকে ফেরত পাঠাচ্ছে না, এমনকি তার বক্তব্য প্রচার বন্ধেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরং সর্বশেষ তারা বাংলাদেশকে কিছু পরামর্শ দিয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে নির্বাচন কীভাবে হবে, সে বিষয়ে প্রতিবেশী রাষ্ট্রের উপদেশ আমরা চাই না। বর্তমান সরকার এমন একটি নির্বাচন আয়োজন করতে চায়, যা গত ১৫ বছরে সম্ভব হয়নি। আগের বিতর্কিত নির্বাচনগুলোর সময় ভারত নীরব ছিল। এখন যখন একটি ভালো নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে, তখন তাদের নসিহত অগ্রহণযোগ্য।

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কাউকে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই। আমরা জানি কী করতে হবে। আমরা এমন একটি নির্বাচন করব, যেখানে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং জনগণের ভোটেই প্রতিনিধিরা নির্বাচিত হবে।

দুই দেশের কূটনীতিকদের তলব ও পাল্টা তলব প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ ভারতের হাইকমিশনারকে ডেকেছে এবং নিজেদের অবস্থান তুলে ধরেছে। যদিও কিছু বিষয়ে তারা একমত হয়নি। একইভাবে ভারতও বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি অস্বাভাবিক নয়।

ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল নিয়ে হাসনাত আব্দুল্লাহর মন্তব্য বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদ বা বিচ্ছিন্নতাবাদে বিশ্বাস করে না। কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। কোনো রাজনৈতিক নেতা ব্যক্তিগত মত প্রকাশ করতে পারেন, তবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকার কখনোই এমন কিছু সমর্থন করবে না।

মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত বারবার মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকা খাটো করে দেখানোর চেষ্টা করে, যা গ্রহণযোগ্য নয়।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *