রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। প্রথম দলটি পৌঁছে যায় দুপুর ১টা ৫০ মিনিটে। লালবাগ ও হাজারীবাগ থেকে চারটি এবং পলাশী থেকে দুটি ইউনিটসহ মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। এছাড়া সিদ্দিকবাজার এলাকা থেকেও অতিরিক্ত ইউনিট পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালবাগের চেয়ারম্যানঘাট এলাকায় অবস্থিত ওই প্লাস্টিক কারখানায় প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সর্বশেষ খবর অনুযায়ী, পর্যায়ক্রমে ১১টি ইউনিট অগ্নিনির্বাপণে যুক্ত হয়েছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্রঃ ইত্তেফাক
