স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা, কৃষি উৎপাদন, সার–বীজ ও সেচ ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে এবার আগের নির্বাচনগুলোর তুলনায় আরও বেশি সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। তার ভাষায়, নির্বাচন মূলত নির্ভর করে ভোটারদের ওপর। তবে নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দল—সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নির্বাচন সফল হয়।
সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্রঃ একুশে
