সংসদ নির্বাচনে মোতায়েন হবে ১ লাখ সেনা ও দেড় লাখ পুলিশ: ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে প্রায় ১ লাখ সেনা ও দেড় লাখ পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। নির্বাচনকে অবাধ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সচিব।
আখতার আহমেদ বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিবেশ আছে। ভোটের দিন মাঠে থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য, দেড় লাখ পুলিশ, এবং সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য।
সেনা মোতায়েনের আইনি কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
সচিব জানান, সেনা মোতায়েন ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ নাকি গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) অনুযায়ী হবে—সেই সিদ্ধান্ত এখনো হয়নি। তিনি বলেন, “আরপিও সংশোধিত হলে এ বিষয়ে পরিষ্কার করে বলা যাবে।
অগ্নিকাণ্ড ও অস্ত্র লুট প্রসঙ্গে বক্তব্য
সম্প্রতি বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়নি বলে জানান ইসি সচিব।
অস্ত্র লুটের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, লুট হওয়া অস্ত্রের মধ্যে ৮৫ শতাংশ পুনরুদ্ধার হয়েছে। বাকি অংশ উদ্ধারের কাজ এখনও চলছে।
নির্বাচনের সময়সূচি
ইসি সচিব জানান, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর আগে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
সূত্রঃ একুশে
