তিন দিনের মধ্যে ইসলামী ব্যাংককে ৬,৫০০ কোটি টাকা সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক।

তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংককে আরও ১,৫০০ কোটি টাকা সহায়তা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির তারল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৮ জুন) দেওয়া এ সহায়তার ফলে গত তিন দিনে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ কোটি টাকা ঋণ সুবিধা পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা অব্যাহত রাখা এবং চলমান তারল্য চাপ কমানোর লক্ষ্যে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

বিগত কয়েক বছরে অনিয়মিত ঋণ বিতরণ, খেলাপি ঋণের উচ্চহার এবং আমানতকারীদের আস্থা সংকটের কারণে ইসলামী ব্যাংক আর্থিক চাপে পড়ে। ফলে গ্রাহকদের অর্থ উত্তোলনসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রমে প্রভাব দেখা দেয়।

এদিকে, মঙ্গলবার ইসলামী ব্যাংকের সার্বিক অবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। বৈঠক শেষে সংগঠনটির পক্ষ থেকে সাত দফা দাবি উত্থাপন করা হয়।

ফোরামের অন্যতম দাবি হলো, বিতর্কিতভাবে অধিগ্রহণ করা হয়েছে বলে অভিযোগ থাকা গোষ্ঠীর হাতে থাকা শেয়ার পূর্বের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া অথবা আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে বিক্রি করা। তাদের মতে, এতে ব্যাংকটির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

গ্রাহক ফোরাম আরও জানায়, ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহাল বিষয়ে নতুন পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিমালা অনুসরণ করা হবে।

বৈঠকে কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত, দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচক অবস্থান নিয়েছে বলেও দাবি করা হয়েছে।

দেশের বেসরকারি ব্যাংক খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ২০১৭ সালে মালিকানা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের পর থেকে বিভিন্ন বিতর্কের মুখোমুখি হয়। পরবর্তীতে এস আলম গ্রুপের প্রভাব, ব্যাপক ঋণ বিতরণ, খেলাপি ঋণ বৃদ্ধি এবং অর্থ পাচারের অভিযোগকে কেন্দ্র করে ব্যাংকটি ব্যাপক আলোচনায় আসে।

গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ আর্থিক অবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়। তবে দীর্ঘদিনের অনিয়মের প্রভাব কাটিয়ে উঠতে এখনও তারল্য সংকট মোকাবিলা করতে হচ্ছে। ফলে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা এবং সুশাসন প্রতিষ্ঠা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *