জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় একযোগে কাজ করবে ইউনিসেফ ও পরিবেশ মন্ত্রণালয়: উপদেষ্টা

তরুণদের সম্পৃক্ততায় জলবায়ু অভিযোজনে ইউনিসেফ ও পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ

জলবায়ু অভিযোজন কার্যক্রমে দেশের তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের সঙ্গে একযোগে কাজ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৈঠকে উপদেষ্টা বলেন, পরিবেশভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু উদ্যোগ বাস্তবায়নে ইউনিসেফ ও মন্ত্রণালয় একসাথে কাজ করবে। অভিযোজন কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা এবং তরুণদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন অবকাঠামো ও জলসম্পদ সংশ্লিষ্ট প্রকল্পে পরিবীক্ষণের ক্ষেত্রে তরুণ প্রতিনিধি অন্তর্ভুক্ত করা জরুরি। এতে স্থানীয় পর্যায়ের বাস্তব চিত্র ও সমস্যার প্রতিফলন ঘটবে।

বৈঠকে ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স শিশু ও কিশোরদের ওপর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, যেমন—বন্যা, অপুষ্টি এবং শিক্ষাব্যবস্থার বিঘ্ন ঘটার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, তরুণদের জলবায়ু সংকটের সমাধানের কেন্দ্রে রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, দেশের বিভিন্ন জেলায় তরুণদের সঙ্গে পরামর্শমূলক সভার বিস্তার ঘটানোর পাশাপাশি পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যৌথভাবে একটি ডকুমেন্টারি সিরিজ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে শিশুদের কণ্ঠে পরিবেশবান্ধব বার্তা তুলে ধরা হবে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রস্তাবিত তথ্যচিত্রটি বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার সম্ভাবনার কথাও জানান। তিনি বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এ উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা যেতে পারে।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *