ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে কিংবা কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনার পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ইচ্ছা এবং বাস্তবে কী ঘটবে, তা এক বিষয় নয়। এ দুটির মধ্যে পার্থক্য রয়েছে। তাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির আওতায় দেশে ফিরিয়ে আনা হতে পারে।
দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সরকার পরিস্থিতি সামাল দিতে আত্মবিশ্বাসী। এ বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত রাখা হবে। জনগণের পাশে থেকে তাদের সঙ্গে নিয়েই সরকার পরিস্থিতি মোকাবিলা করছে।
এ সময় আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে জনমনে ভীতি ছড়াতে বিচ্ছিন্ন হামলা চালানোর অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসব কর্মকাণ্ডে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এ ধরনের হামলা সাধারণ মানুষকে আতঙ্কিত করতে পারেনি বলে মন্তব্য করেন হুমায়ুন কবির।
ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত কূটনৈতিক তথ্য বিনিময় কার্যক্রমের অংশ। কূটনৈতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এ ধরনের আলোচনা আগেও বহুবার হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিতরণ করা এক নোটে বলা হয়েছে, এই ব্রিফিংয়ে অংশগ্রহণের জন্য বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
