নেপালের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরে ভারতে গেছেন বালেন্দ্র শাহ। দেশটির নতুন রাজনৈতিক প্রজন্মের নেতৃত্বের সঙ্গে প্রতিবেশী ভারতের শীর্ষ পর্যায়ের নেতাদের এটিই প্রথম গুরুত্বপূর্ণ যোগাযোগ। বিশ্লেষকদের ধারণা, শাহের এই সফরের মধ্য দিয়ে কাঠমান্ডু ও নয়াদিল্লির দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক উন্নয়নের নতুন পথ তৈরি হতে পারে।
গত মার্চে বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বিপুল ব্যবধানে জয়ী হয়ে সরকার গঠনের পর এটিই তার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। এর ছয় মাস আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি প্রজন্মের আন্দোলনের মুখে কে পি শর্মা ওলির সরকারের পতন ঘটে।
৩৬ বছর বয়সী সাবেক র্যাপার ও বর্তমান রাজনীতিবিদ বালেন্দ্র শাহ রোববার (২২ নভেম্বর) দুই দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান। এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
বৈঠকে অর্থনৈতিক ও জ্বালানি খাতে সহযোগিতা, নতুন আকাশপথ চালু এবং গত আগস্টে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর পুনর্গঠনে সহায়তা দেওয়ার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। ওই প্রাকৃতিক দুর্যোগে দেড় হাজারের কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
হিমালয় অঞ্চলের নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ। জাতিগত, সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক যোগাযোগের পাশাপাশি দুই দেশের মধ্যে রয়েছে ১ হাজার ৭৫০ কিলোমিটারের বেশি দীর্ঘ উন্মুক্ত সীমান্ত।
ভারত ও চীনের মাঝখানে অবস্থিত হওয়ায় কৌশলগত দিক থেকেও নেপালের গুরুত্ব অনেক। বিশ্লেষকদের মতে, নেপালের রাজনৈতিক ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভারতের নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত।
তবে দীর্ঘদিন ধরেই সীমান্ত বিরোধ, নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগ এবং দিল্লির কথিত আধিপত্যবাদী মনোভাব নিয়ে দুই দেশের সম্পর্কে অস্বস্তি রয়েছে। বিশেষ করে ভারতের ‘বড় ভাইসুলভ’ আচরণ নিয়ে নেপালের একটি অংশের মধ্যে অসন্তোষ দীর্ঘদিনের।
এমন পরিস্থিতিতে শাহের ভারত সফরকে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের একটি সম্ভাবনাময় সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
নেপালে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত রণজিৎ রায় বিবিসিকে বলেন, নেপালের নতুন নেতৃত্ব অতীতের রাজনৈতিক বোঝা থেকে বেরিয়ে উন্নয়ন, কূটনীতি ও অর্থনৈতিক অংশীদারত্বকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছে। তাদের অবস্থান আগের তুলনায় বেশি বাস্তববাদী এবং কম আদর্শনির্ভর বলে মনে হচ্ছে। তার মতে, এটি দুই দেশের সম্পর্কের জন্য আশাব্যঞ্জক সময়।
২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত করে নেপালকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণার পর থেকে দেশটির রাজনীতিতে মূলত তিনটি দলের প্রভাব ছিল। দলগুলো হলো—নেপাল কমিউনিস্ট পার্টি (ইউএমএল), নেপালি কংগ্রেস এবং নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র)। ভারতের সঙ্গে এসব দলের দীর্ঘদিনের রাজনৈতিক যোগাযোগ রয়েছে।
আদর্শিক অবস্থানের কারণে নেপালের কমিউনিস্ট দলগুলোকে সাধারণত চীনঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হতো। একই সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তিকে অসম আখ্যা দিয়ে তারা প্রায়ই ভারতের সমালোচনা করেছে।
নেপালের ভূকৌশলগত অবস্থানকে কেন্দ্র করে কাঠমান্ডুতে প্রভাব বিস্তারে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা চলছে। এ কারণে দুই দেশের বিরুদ্ধেই নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে।
অবশ্য ভারত-নেপাল সম্পর্কের ভিত্তি শুধু কূটনৈতিক বা কৌশলগত স্বার্থ নয়। দুই দেশের জনগণের মধ্যে রয়েছে গভীর সামাজিক ও ধর্মীয় যোগাযোগ। উন্মুক্ত সীমান্তের দুই পাশে বহু পরিবারের বসবাস এবং প্রতিদিনই দুই দেশের মানুষের মধ্যে যাতায়াত ও যোগাযোগ হয়ে থাকে।
দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৯ বিলিয়ন ডলারেরও বেশি। তবে বাণিজ্যের ভারসাম্য ভারতের পক্ষে থাকায় দীর্ঘদিন ধরে এ নিয়ে অসন্তোষ রয়েছে নেপালের। দেশটির পেট্রোলিয়াম পণ্য ও বেশ কয়েকটি খাদ্যপণ্যের প্রধান সরবরাহকারী ভারত। এ ছাড়া আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও ভারতের ভূখণ্ড নেপালের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট।
ঘনিষ্ঠ সম্পর্কের পরও দুই দেশের মধ্যে কয়েকটি অমীমাংসিত বিরোধ রয়েছে। এর মধ্যে অন্যতম সীমান্ত সমস্যা।
২০১৯ সালে ভারত প্রকাশিত একটি নতুন মানচিত্রে চীনের সীমান্তসংলগ্ন পশ্চিমাঞ্চলের কয়েকটি বিতর্কিত এলাকাকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হলে প্রতিবাদ জানায় নেপাল। এসব অঞ্চল নিজেদের বলে দাবি করে আসছে কাঠমান্ডু। পরবর্তী সময়ে নেপালও নতুন মানচিত্র প্রকাশ করে বিতর্কিত এলাকাগুলো নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন আরও বেড়ে যায়।
নেপালের প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক কনক মণি দীক্ষিত বিবিসিকে বলেন, এবারের সফরে ভারতের সঙ্গে সীমান্ত বিরোধের বিষয়টি উত্থাপন করবেন বলে তিনি আশা করছেন। তাৎক্ষণিকভাবে সমাধান না এলেও সমস্যাটির নিষ্পত্তিতে দুই দেশের আলোচনা শুরু হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
এদিকে নেপালের দীর্ঘদিনের আরেকটি দাবি হলো, ভারতের কাছ থেকে অতিরিক্ত আকাশপথ ব্যবহারের অনুমতি পাওয়া। এর মাধ্যমে পশ্চিম দিক থেকে বড় উড়োজাহাজগুলো নেপালের নতুন বিমানবন্দরগুলোতে সরাসরি প্রবেশ করতে পারবে। বিমানবন্দর দুটি হলো—বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান লুম্বিনীর কাছে ভৈরহাওয়া বিমানবন্দর এবং পর্যটননির্ভর পোখারা বিমানবন্দর।
ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি পেলে উড়োজাহাজের যাত্রাপথ ও জ্বালানি ব্যয় কমবে। পাশাপাশি ফ্লাইটের সংখ্যা বাড়লে বিমানবন্দর দুটির বাণিজ্যিক কার্যক্রমও লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে নেপালের একটি অংশের ধারণা, চীনের সঙ্গে বিমানবন্দর নির্মাণ ও অর্থায়নসংক্রান্ত চুক্তির কারণে বিষয়টি নিয়ে দিল্লির আপত্তি রয়েছে। ভৈরহাওয়া বিমানবন্দর নির্মাণ করেছে চীনের নর্থওয়েস্ট সিভিল এভিয়েশন এয়ারপোর্ট এবং পোখারা বিমানবন্দর নির্মিত হয়েছে চীনের আর্থিক সহায়তায়।
অন্যদিকে, শাহ এখনো চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরাসরি কোনো বড় উদ্যোগ নেননি। তবে ভারত সফরের আগে গত ১৫ নভেম্বর ১১ দিনের সফরে চীনে ক্ষমতাসীন দলের ২০ জন সংসদ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, ভারত ও চীনের মতো দুই প্রভাবশালী প্রতিবেশীর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কৌশলের অংশ হতে পারে এটি।
এর আগে দায়িত্ব নেওয়ার পর প্রথম এক বছর বিদেশ সফর না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বালেন্দ্র শাহ। কিন্তু গত আগস্টে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনা তার পূর্বপরিকল্পনায় পরিবর্তন এনেছে।
