চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গেলেও শপিংয়ে মগ্ন ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। ফলোআপ চিকিৎসার জন্য তিনি পরিবারসহ সরকারি খরচে লন্ডনে গেছেন। সফরের শুরুতে তিনি রাজধানীর বিলাসবহুল হোটেল হিলটনে অবস্থান করেন। পরে দুই দিন সেখানে থাকার পর ক্যামব্রিজে যান এবং নিউমার্কেট এলাকার বেডফোর্ড লজ রিসোর্টে ওঠেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালে হৃদ্‌রোগের ফলোআপ চিকিৎসা নেন রাষ্ট্রপতি ও তার স্ত্রী রেবেকা সুলতানা। চিকিৎসা শেষে বৃহস্পতিবার তারা আবার লন্ডনে ফিরে আসেন।

হাইকমিশনের একটি সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজে যাওয়ার প্রস্তুতি থাকলেও পরে রাষ্ট্রপতি শপিংয়ের উদ্দেশ্যে বের হন। তার সফরের প্রটোকল সামলাতে গিয়ে দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা জুমার নামাজ আদায় করতে পারেননি বলেও জানা গেছে।

এ ছাড়া রাষ্ট্রপতির সফর উপলক্ষে হাইকমিশনের পক্ষ থেকে সাতটি বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সফরসঙ্গীদের এসব গাড়ি ব্যবহার করে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে। এ নিয়ে প্রশ্ন উঠেছে, চিকিৎসা সফরের পাশাপাশি এত বড় বহর ও কেনাকাটার ব্যস্ততা কতটা প্রয়োজনীয় ছিল।

রাষ্ট্রপতির ৯ দিনের এ সফরে প্রায় দুই ডজন সফরসঙ্গী রয়েছেন বলে জানা গেছে। এমন সময়ে এই ব্যয়বহুল বিদেশ সফর নিয়ে আলোচনা তৈরি হয়েছে, যখন সরকার ব্যয় সংকোচনের অংশ হিসেবে বিভিন্ন প্রকল্পে কাটছাঁট, অফিস সময় কমানো এবং খরচ নিয়ন্ত্রণের উদ্যোগ নিচ্ছে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু গত ৯ মে মেডিকেল চেকআপের জন্য লন্ডনে যান। আগামীকাল রোববার তার দেশে ফেরার কথা রয়েছে।

সূত্রঃ আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *