বিএনপি ছেড়ে আ.লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রীপুত্র ফয়জুল কবীর মুবিন
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন কিশোরগঞ্জের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ফজলুল করীমের ছেলে অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন। দলবদলের পরপরই ফেসবুক লাইভে এসে তিনি বলেন, শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন।
ফয়জুল কবীর মুবিন বলেন, বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা কেবল আওয়ামী লীগের নেত্রী নন, তিনি দেশের স্থিতিশীলতার প্রতীক। এখন সময় জাতীয় ঐক্যের।
দীর্ঘদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মুবিন। তিনি জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার বাবা ফজলুল করীম ১৯৭৮ থেকে ১৯৮২ মেয়াদে কিশোরগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও তৎকালীন সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।
লাইভে ফয়জুল কবীর মুবিন আরও বলেন, আমি রাজনীতি করেছি দেশের জন্য, কোনো দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন।
আওয়ামী লীগের বর্তমান প্রতিকূল সময়ে কেন যোগ দিলেন—এমন প্রশ্নে মুবিন বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, ধর্মনিরপেক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের প্রতীক। ৫ আগস্টের পর মানুষ রাষ্ট্রসংস্কারের স্বপ্ন দেখেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে স্বাধীনতাবিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। সেটি ঠেকাতেই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক—বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়।
তিনি আরও যোগ করেন, আওয়ামী লীগে যোগ দিতে পেরে আমি গর্বিত।
অন্যদিকে, এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিএনপিতে এখন মুবিনের কোনো পদ নেই। তাছাড়া তার মানসিক অবস্থাও ভালো নয়। সুতরাং তার আওয়ামী লীগে যোগ দেওয়ার কোনো রাজনৈতিক গুরুত্ব নেই।
সূত্রঃ আমার দেশ
