অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ছড়িয়ে পড়ায় রাসেল-ফয়সাল বাহিনীর নেতা ও দুই সহযোগী গ্রেপ্তার

অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল, ‘রাসেল–ফয়সাল বাহিনী’র প্রধানসহ ৩ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্ত্র চালনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আলোচিত ‘রাসেল–ফয়সাল বাহিনী’র প্রধান রাসেল হাওলাদারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—শ্রীনগরের বাঘড়া ইউনিয়নের বাসিন্দা রাসেল হাওলাদার (৩০), সাখাওয়াত বেপারি (২৮) এবং তারেক খান (৩০)।

পুলিশ জানায়, কিছুদিন আগে একটি ভিডিওতে দেখা যায়—চারজন যুবক হাতে পিস্তল নিয়ে গুলি চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন এবং নিচ্ছেন। ভিডিওটি নিজেদের মোবাইল ফোনে ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। এতে অবৈধ অস্ত্রের ব্যবহার স্পষ্টভাবে দেখা যায়।

ভিডিওটিতে একজন যুবককে বলতে শোনা যায়, দামি কিন্তু এইডা, দুইডা দিয়া শট করমু। উত্তরে আরেকজন বলেন, দুইডা দিয়া শট করা যাইব না, একটা দিয়া শট করতে হইব। গুল্লি রেয়ার, পাওয়া যায় না। পরে একজন যোগ করেন, “লকটা খুলে টিপ দিলেই গুলি বের হইব।” এরপর একজনকে আকাশের দিকে গুলি চালানোর ভঙ্গি করতেও দেখা যায়।

পুলিশ জানিয়েছে, ভিডিওটি ধারণ করা হয়েছিল শ্রীনগর কলেজের পূর্ব-উত্তর প্রান্তে একটি পুকুরপাড়ে।

স্থানীয় সূত্র বলছে, ভিডিওতে দেখা যুবকদের মধ্যে রাসেল বাঘড়া ইউনিয়নের বাসিন্দা, ফয়সাল কামারখোলা এলাকার, সাদা টি-শার্ট ও টুপি পরা আহির মথুরা পাড়ার, এবং কালো পাঞ্জাবি পরা অর্পণ একই ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি ভিডিওতে থাকা অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *