এনসিপিকে নিয়ে অপপ্রচার ছড়ানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ নাহিদ ইসলামের।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দলটি কারও সঙ্গে প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনো ধরনের সমঝোতায় যায়নি। তিনি অভিযোগ করে বলেন, এনসিপিকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা হয়েছে। খুব শিগগিরই দলটির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপি আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনায় তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, তফসিল ঘোষণার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের হাতে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান ব্যক্তির শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা করা জরুরি। সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার সুযোগ পেলেই তফসিল ঘোষণা হওয়া উচিত।

তিনি বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধার জন্য নির্বাচনের তারিখ পরিবর্তন করা হবে না। আমাদের বিরুদ্ধে নির্বাচনবিরোধী হওয়ার অভিযোগ আনা হয়েছে বারবার; কিন্তু আমরা নির্বাচন চাই। রাজনৈতিক দলগুলোর ঐক্য নিশ্চিত করেই ভোটের দিকে এগোতে হবে।

তার বক্তব্যে তিনি আরও যোগ করেন, নির্বাচন শেষ হওয়ার পরও সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এনসিপির অগ্রযাত্রা নির্বাচনের মাধ্যমে থেমে থাকবে না, বরং আরও গতিশীল হবে। যদিও তিনি স্বীকার করেন, বর্তমান নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক নয়। নির্বাচন কমিশনকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক বা বিদেশি শক্তির ষড়যন্ত্র না হলে, দেশ এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *