গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছয় জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি। তবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা বিবেচনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও ফরিদপুরে সোমবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে। এদিন থেকেই সেনা সদস্যরা দায়িত্ব পালন শুরু করবেন।
তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তা বাহিনী হিসেবে আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু তৎপরতা বিভিন্ন এলাকায় নজরে এসেছে। কোথাও কোথাও তারা মিছিল-সমাবেশের মতো কর্মসূচি নেওয়ার চেষ্টা করছে।”
সালাহউদ্দিন আহমদ জানান, এসব কর্মকাণ্ড থেকে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা তৈরি হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে আইন অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ ব্যবস্থার আওতায় ঢাকা ও চট্টগ্রাম মহানগর, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর এলাকা এবং গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, “যেকোনো ধরনের অপতৎপরতা দ্রুত মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তবে সেনা মোতায়েনের সিদ্ধান্তকে পুলিশ বাহিনীর প্রতি আস্থাহীনতা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী সরকার অতীতেও বিজিবি বা সেনাবাহিনীর সহায়তা নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে।
তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রায় দুই বছর ধরে দেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন ছিল। পরবর্তীতে গত ১৫ জুন সারাদেশ থেকে সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়। বর্তমানে কেবল বিশেষ প্রয়োজন বিবেচনায় নির্দিষ্ট কয়েকটি এলাকায় সীমিত পরিসরে সেনা মোতায়েন করা হচ্ছে।
সূত্রঃ একুশে
