গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া ও সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এলাকার শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার গোপালগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন ভালো রয়েছে। ভবিষ্যতেও পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে তিনি আশাবাদী। তবে এ অবস্থা বজায় রাখতে শান্তিপ্রিয় জনগণকে একত্রিত হতে হবে এবং যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তার মতে, বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানুষের সংখ্যা খুব বেশি নয়।
জেলার দুটি থানা পুড়িয়ে দেওয়া এবং সেগুলোর কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে জানতে চাইলে আলী হোসেন ফকির বলেন, থানাগুলো মূলত জনগণের সেবার জন্যই। জনগণের জন্য নির্মিত থানা যদি নিজেরাই পুড়িয়ে দেওয়া হয়, তাহলে পুলিশ কীভাবে সেখানে দায়িত্ব পালন করবে—এমন প্রশ্নও তোলেন তিনি।
পুলিশের জনবল সংকট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ মানুষের সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে আইজিপি বলেন, আইন মেনে চলা নাগরিক এবং জনগণের সমর্থন ছাড়া পুলিশের একার পক্ষে দায়িত্ব পালন করা কঠিন। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষের বিপরীতে একটি থানায় যদি মাত্র ২০ জন পুলিশ সদস্য থাকেন, তাহলে স্থানীয় মানুষের মানসিক ও সার্বিক সহযোগিতা ছাড়া তাদের পক্ষে কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়।
এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের কাছে এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন কি না, তা জানতে চান তিনি। জবাবে উপস্থিত সবাই আইনশৃঙ্খলা রক্ষার পক্ষে মত দেন।
চলমান ও আসন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, অতীতেও দেশে একটানা বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে এবং সেসব কর্মসূচির পরিণতি কী হয়েছিল, তা সবার জানা। মূল বিষয় হলো, জনগণ যা চাইবে, সরকার তা-ই বাস্তবায়ন করবে।
সবশেষে পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানান আলী হোসেন ফকির। তিনি বলেন, এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না, যাতে পুলিশের আপনাদের প্রতি চরম অবস্থান নিতে হয়।
