সীমান্তে সুপরিকল্পিতভাবে পুশইন চালাচ্ছে বিএসএফ: বিজিবি মহাপরিচালক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুপরিকল্পিতভাবে বাংলাদেশে অবৈধভাবে লোকজন পুশইন করছে বলে অভিযোগ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাও উপস্থিত ছিলেন।
বিজিবি প্রধান জানান, সম্প্রতি ভারত থেকে ২০২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। পাশাপাশি খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ২০২ জনকে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে। এদের মধ্যে ৩৯ জন রোহিঙ্গার উপস্থিতি শনাক্ত হয়েছে, যাদের মধ্যে পাঁচজন ভারতে পূর্বে নিবন্ধিত ছিলেন।
তিনি বলেন, এসব পুশইন কার্যক্রম পূর্বপরিকল্পিত এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।
বিজিবি-র আখাউড়া বিওপি ক্যাম্পের কমান্ডার নূরুল আমীন জানান, বিএসএফের এ ধরনের কার্যক্রম ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী গ্রামগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সূত্রঃ ইত্তেফাক
