শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের নতুন বক্তব্য

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ঢাকার পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে নতুন কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছে ভারত। শুক্রবার বিকেলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে এক ভারতীয় সাংবাদিক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার করা অনুরোধের সর্বশেষ অবস্থা জানতে চান। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে নতুন করে জানানোর মতো কোনো তথ্য তাদের কাছে নেই। বিষয়টি নিয়ে আগের সংবাদ ব্রিফিংয়ে ভারতের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছিল, সেটিই অনুসরণ করার পরামর্শ দেন তিনি।

একই ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের সম্পর্ক নিয়েও প্রশ্ন করা হয়। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে ভারতের অবস্থান তুলে ধরে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে দিল্লির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অভিন্ন ইতিহাস ও দুই দেশের জনগণের গভীর সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত।

এদিকে সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন এবং মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় সম্পর্কেও জানতে চাওয়া হয়।

গঙ্গা চুক্তি প্রসঙ্গে ভারতের মুখপাত্র জানান, নিজেদের স্বার্থ সুরক্ষিত রেখেই যৌথ নদী কমিশনের (জেআরসি) মাধ্যমে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ দিল্লি।

অন্যদিকে, আইসিজের রায়কে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার কথা জানিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন রণধীর জয়সোয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *