জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর রাষ্ট্রীয় মদতে গণহত্যা চালানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে আদালতের এই রায়কে অন্যায্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার সরকার।
শুক্রবার রাজধানী নেপিডোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে বলেন, মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আইসিজের সিদ্ধান্ত সর্বসম্মত নয় দাবি করে তিনি বলেন, ‘আমাদের দেশকে অন্যায্যভাবে অভিযুক্ত করা হয়েছে। আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সবার সর্বসম্মত সিদ্ধান্ত নয়। এটি ন্যায়সংগত হয়নি।’
গত ১৯ নভেম্বর দেওয়া আইসিজের এই রায়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করা হয়েছে। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি হলোকাস্টের পর এটি চতুর্থ ঘটনা, যেখানে কোনো আন্তর্জাতিক আদালত গণহত্যা প্রমাণের আইনি মানদণ্ড পূরণ হওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে।
আদালতের বিচারকদের পর্যবেক্ষণে উঠে এসেছে, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলাকালে রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের নির্বিচারে হত্যা করা হয়। নারীদের ওপর চালানো হয় ধর্ষণ ও নানা ধরনের যৌন সহিংসতা। পাশাপাশি শত শত রোহিঙ্গা গ্রাম আগুনে পুড়িয়ে ধ্বংস কিংবা সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হয়।
রায়ে মিয়ানমারকে এসব অপরাধের শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। একই সঙ্গে দেশটির অন্যায় কর্মকাণ্ডের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনকভাবে নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন আদালত।
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে দীর্ঘদিন ধরে নিপীড়ন ও বৈষম্যের শিকার রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী। বর্তমানে সংঘাতকবলিত রাখাইন রাজ্যে তাদের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে। অন্যদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা ঘনবসতিপূর্ণ শরণার্থীশিবিরে নানা মানবিক সংকটের মধ্য দিয়ে জীবনযাপন করছেন।
আইসিজের রায়ের পর কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে থাকা হাজারো রোহিঙ্গার মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। তবে দীর্ঘদিনের বাস্তুচ্যুত জীবনের অবসান ঘটিয়ে কবে তারা মিয়ানমারে ফিরতে পারবেন, তা এখনো অনিশ্চিত।
আন্তর্জাতিক বিচার আদালত মূলত রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিচার করে। আদালতের রায় চূড়ান্ত হলেও তা সরাসরি বাস্তবায়নে বাধ্য করার ক্ষমতা সীমিত। ফলে মিয়ানমারের বিরুদ্ধে এই রায় কার্যকর করতে আন্তর্জাতিক চাপ কীভাবে প্রয়োগ করা হবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
আইসিজের ১৯১ পৃষ্ঠার রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর রাখাইন রাজ্যের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনা নিয়ে রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনও উল্লেখ করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের তথ্য প্রকাশের পর রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তারা ৫০০ দিনেরও বেশি সময় কারাগারে বন্দি ছিলেন।
রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সোয়ে আরও বলেন, বিশ্বের প্রভাবশালী নেতারা এর আগে আইসিজের মতো ‘রাজনৈতিক সংস্থাগুলোকে’ বিচারিক ক্ষমতার অপব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছিলেন।
