ভোটার নিবন্ধন প্রক্রিয়া শেষ করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

শনিবার দুপুর ১টার দিকে ভোটার নিবন্ধনের উদ্দেশ্যে তিনি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে উপস্থিত হন। সেখানে এনআইডি প্রণয়নের জন্য ছবি তোলা, আঙুলের ছাপ গ্রহণ এবং চোখের আইরিশ স্ক্যানসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।

সব কার্যক্রম শেষ করে দুপুর ১টা ১৮ মিনিটে তিনি ইটিআই ভবন ত্যাগ করেন।

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, তারেক রহমান আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ করেছিলেন। সরাসরি উপস্থিত হয়ে কেবল বায়োমেট্রিক তথ্য দেওয়ার মাধ্যমে তার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই করবে এবং কোনো অসঙ্গতি না থাকলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তার এনআইডি নম্বর তৈরি হবে। এ প্রক্রিয়ায় কোনো মানবীয় হস্তক্ষেপ নেই বলেও জানান তিনি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রচলিত নিয়ম অনুসারেই তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, তারেক রহমানের ভোটার হতে কোনো আইনগত বাধা নেই। তিনি বলেন, ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো সময় কোনো ব্যক্তিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে।

তারেক রহমানের আগমনকে ঘিরে নির্বাচন কমিশন ভবন ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সকাল থেকেই ভবনের সামনের সড়কে ব্যারিকেড বসানো হয় এবং যান চলাচল সীমিত রাখা হয়। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নির্বাচন ভবনের সামনে জড়ো হয়ে স্লোগান দেন।
সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *