‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বাস্তবায়নে জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করলেন তারেক রহমান।

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বাস্তবায়নে দেশের সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রত্যাশা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রতিটি মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন, আর সবার সম্মিলিত অংশগ্রহণ থাকলেই তা সফল করা সম্ভব।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজিত পূর্বনির্ধারিত গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এখন সময় এসেছে সবাইকে একসঙ্গে নিয়ে দেশ গঠনের কাজে এগিয়ে যাওয়ার। তিনি উল্লেখ করেন, পাহাড় ও সমতলের মানুষের পাশাপাশি এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ বসবাস করে। বিএনপির লক্ষ্য একটি নিরাপদ বাংলাদেশ গড়া, যেখানে নারী, পুরুষ ও শিশু—যেই হোক না কেন, ঘরের বাইরে বের হয়ে নিরাপদে ফিরে আসতে পারবে।

সম্প্রতি শহীদ ওসমান হাদির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওসমান হাদি চেয়েছিলেন দেশের মানুষ তাদের ন্যায্য অর্থনৈতিক অধিকার ফিরে পাক। তিনি আরও বলেন, ১৯৭১ সালের শহীদদের পাশাপাশি ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দর থেকে আসা বাস থেকে নেমে তারেক রহমান গণসংবর্ধনা মঞ্চে ওঠেন। মঞ্চে উঠে তিনি হাত নেড়ে লাখো মানুষের প্রতি শুভেচ্ছা জানান। এ সময় সারাদেশ থেকে আগত নেতাকর্মীরা স্লোগান ও করতালির মাধ্যমে তাদের নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *