গোমতী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা, প্রকৌশলীর কারাদণ্ড
কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির এক প্রকৌশলীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের একটি দলও সহায়তা করে।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানটির নাম ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’, যারা এলজিইডির আওতায় গোলাবাড়ি ব্রিজ নির্মাণ প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে।
কারাদণ্ডপ্রাপ্ত প্রকৌশলীর নাম অহিদুল ইসলাম, যিনি প্রকল্পটিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান জানান, গোলাবাড়ি ব্রিজ নির্মাণের সময় প্রতিষ্ঠানটি গোমতী নদীর চর থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে—যা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর লঙ্ঘন।
এই ধরনের কার্যক্রম নদী এবং নির্মাণাধীন সেতু উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনের ৪ ধারা অনুযায়ী অপরাধ এবং ১৫(১) ধারা অনুযায়ী দশ লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধানও প্রযোজ্য।
পরিকল্পনা রয়েছে ধারাবাহিক অভিযানের
এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান।
সূত্রঃ আমার দেশ
