“দক্ষিণ সিটির সেবায় সরকারি হস্তক্ষেপের অভিযোগ ইশরাক হোসেনের”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিক সেবায় সরকার ইচ্ছাকৃতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে—এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা ও নগর আন্দোলনের নেতৃত্বে থাকা ইশরাক হোসেন। বুধবার (১৮ জুন) নগর ভবনে কর্মচারী ও ‘আমরা ঢাকাবাসী’র চলমান আন্দোলনে অংশ নিয়ে তিনি বলেন, “আমরা নগরবাসীর পাশে থাকার চেষ্টা করছি, সেবা অব্যাহত রেখেছি। অথচ সরকারের পক্ষ থেকেই সেই সেবায় বিঘ্ন ঘটানো হচ্ছে।”
তিনি জানান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নির্দেশে সিটি করপোরেশনের কর্মকর্তাদের স্বাভাবিক দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। “জন্ম নিবন্ধন, নাগরিক সনদ ইত্যাদিতে স্বাক্ষর না করার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মৌখিকভাবে নিষেধ করা হয়েছে,” দাবি করেন ইশরাক।
তিনি বলেন, “সরকারের উদ্দেশ্য পরিষ্কার—সেবা ব্যাহত করে আমাদের ব্যর্থ প্রমাণ করার অপচেষ্টা চলছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার একটি উদাহরণ।”
ব্যক্তিগত অভিযোগের প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, “আসিফ মাহমুদ আমাকে আইন লঙ্ঘনকারী ও অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন। যদি আমি সত্যিই আইন ভঙ্গ করে থাকি, তবে সরকার কেন এখনো আমাকে আইনের আওতায় আনছে না?”
সরকারের বিরুদ্ধে আরও কঠোর ভাষায় তিনি বলেন, “আমরা খুনি হাসিনার বিরুদ্ধে লড়েছি ১৭ বছর ধরে। গুম, গ্রেপ্তার, নির্যাতনের মধ্যেও মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে গেছি। এখন কোনো ‘শিশু উপদেষ্টার’ হুমকিতে আমরা দমে যাব না।”
তিনি আরও অভিযোগ করেন, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন লোকজন দিয়ে তার ও চলমান আন্দোলনের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। “বর্তমান সরকারের এসব অপতৎপরতার দায় তাদেরকেই নিতে হবে,” বলে সতর্ক করেন ইশরাক হোসেন।
সূত্রঃ কালবেলা
