বাংলাদেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা দৃঢ়ভাবে ধারণ করা হলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস কারও হবে না। শনিবার সন্ধ্যায় ঢাকা ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে শহীদ জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীকে দেশের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি আবারও স্বাধীনতার ঘোষণা দেন। এ ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস স্বতন্ত্র ও গৌরবোজ্জ্বল।

স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা প্রতিহত করেছিল। তবে ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। তাঁর বক্তব্য অনুযায়ী, ৭ নভেম্বর পরাজিত শক্তি পরবর্তী সময়ে মহাজোটের নামে ঐক্যবদ্ধ হয়ে ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের আড়ালে নির্বিচারে সেনা হত্যাকাণ্ড ঘটায়। এর ভয়াবহ পরিণতি সম্পর্কে দেশবাসী অবগত।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

লাখো শহীদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানানোর জন্য দুটি প্রধান দায়িত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে প্রথমটি হলো যেকোনো পরিস্থিতিতে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তাঁদের স্বপ্নের নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সদস্যদের কল্যাণে সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দেশের স্থলসীমার পাশাপাশি আকাশ ও সমুদ্রসীমার নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে নতুন ‘প্ল্যানিং গাইডেন্স’ তৈরি করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন’ ব্যবস্থাসহ বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে নেওয়া বিভিন্ন পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন তারেক রহমান। একই সঙ্গে দেশ ও বিদেশে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী বীর সেনাসদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *